রবিউল এহ্সান রিপন
জানুয়ারি ২২, ২০২৬, ০৭:৪০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। প্রচারণার প্রথম দিনেই ভোটারদের কাছ থেকে ইতিবাচক ও স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। প্রার্থীর পদচারণায় মুখর হয়ে উঠতে শুরু করেছে নির্বাচনী মাঠ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করেন দেলাওয়ার হোসেন। পরে বিকেলে তিনি ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বর ও চৌরাস্তা এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেলাওয়ার হোসেন বলেন, “প্রচারণার শুরুতেই সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ পরিবর্তন চায়, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে চায়।
বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আমরা আরও সামনে এগিয়ে নিতে চাই।”তিনি আরও বলেন, “আমরা নতুন করে কোনো রাজনৈতিক সহিংসতা বা হানাহানি চাই না। আমরা চাই সহনশীলতা, নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এ কারণেই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে আমাদের দিকে এগিয়ে আসছেন। ইনশাআল্লাহ, ঠাকুরগাঁও-১ আসনের মানুষ বিপুল ভোটে আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করবেন।”নির্বাচনী পরিবেশে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন পর্যন্ত আমাদের প্রচারণায় কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি। এ বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।
তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন। মাঠে যদি সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা হয়, তাহলে আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে যেতে পারব।”এদিকে, আগামীকাল (শুক্রবার) ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন প্রসঙ্গে দেলাওয়ার হোসেন জানান, “আগামীকাল দুপুর ২টায় নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথি হিসেবে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান অংশগ্রহণ করবেন। তার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আমরা আশা করছি, তার বক্তব্য শুনতে ও তাকে একনজর দেখতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে।”