জানুয়ারি ২৩, ২০২৬, ০৩:১৭ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে গুপ্ত হামলা চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার দুপুরে এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন যে এই ধরনের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটি বড় ষড়যন্ত্র।
মির্জা ফখরুল মনে করেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই দেশে ভয়শূন্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য যে গত বৃহস্পতিবার রাতে ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তারা নানা ধরনের অরাজকতা সংঘটিত করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় বলে তিনি দাবি করেন।বিবৃতিতে মির্জা ফখরুল হুশিয়ারি দিয়ে বলেন হাসান মোল্লার হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
অপরাধীদের দমন করা না হলে তারা ভবিষ্যতে আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি দেশের বর্তমান অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। একই সঙ্গে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে দেশের সকল শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন তিনি। মির্জা ফখরুল হাসান মোল্লাসহ আহত সকল নেতাকর্মীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন