জানুয়ারি ২৮, ২০২৬, ০১:৩৬ পিএম
রাজধানী ঢাকার নিজ নির্বাচনী আসনে জোরেশোরে প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার ২৮ জানুয়ারি সকাল থেকে তিনি ঢাকা-১৫ আসনের উত্তরা কাফরুল হাইস্কুল এলাকা থেকে তার আনুষ্ঠানিক নির্বাচনি কার্যক্রম শুরু করেন। প্রচারণাকালে তিনি স্থানীয় কাঁচাবাজার, আবাসিক এলাকা এবং সড়কের পাশের ছোট-বড় দোকানগুলোতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন ও কুশল বিনিময় করেন।
এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন এবং পথচারী ও ভোটারদের মাঝে নির্বাচনি লিফলেট বিতরণ করেন। বিভিন্ন পয়েন্টে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় ডা. শফিকুর রহমান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে তার দলের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।
জামায়াত আমির বলেন যে জনগণের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া এবং একটি সুখী ও সমৃদ্ধ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা রাজপথে নেমেছেন।
তিনি ভোটারদের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের বিভিন্ন স্থানীয় প্রত্যাশা ও দীর্ঘদিনের সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে সেসব নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জোরালো আশ্বাস দেন। জামায়াত আমিরের এই প্রচারণাকে ঘিরে মিরপুর ও কাফরুল এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও ভিড় লক্ষ্য করা গেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
দলীয় সূত্র থেকে জানা গেছে যে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী কয়েক দিন ডা. শফিকুর রহমান ঢাকার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে গণসংযোগ ও পথসভা চালিয়ে যাবেন। প্রচারণার নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকাল ৪টা ৩০ মিনিটে রাজধানীর মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এরপর মিরপুর ১৩ নম্বর এলাকার হারম্যান মেইনার স্কুলের পেছনে গণসংযোগ ও পথসভা করার কথা রয়েছে তার। দিনের কর্মসূচি শেষে রাতে এশার নামাজের পর মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ভোটারদের সাথে সরাসরি মতবিনিময় ও লিফলেট বিতরণের মাধ্যমে আজকের প্রচারণা শেষ করবেন জামায়াত আমির।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন