ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:১০ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকড হওয়া এবং সেখান থেকে প্রচারিত বিতর্কিত পোস্টের জেরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে আমিরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকের বিস্তারিত তথ্য এবং এ বিষয়ে নেওয়া আইনি পদক্ষেপসহ সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে দলের অবস্থান তুলে ধরা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ডা. শফিকুর রহমানের অফিশিয়াল এক্স হ্যান্ডেলটি হ্যাক হয়। এরপর বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে ওই অ্যাকাউন্ট থেকে নারী নেতৃত্ব ও নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর একটি পোস্ট দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।
তবে জামায়াতের সাইবার টিম দ্রুত তৎপর হয়ে বিকেল ৫টার কিছু সময় পরেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পায় এবং বিতর্কিত পোস্টটি ডিলিট করে দেয়। আমিরের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, ওই বিতর্কিত পোস্টটি তার ব্যক্তিগত মতাদর্শ বা দলের অবস্থানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।হ্যাক হওয়া সময়ের সেই আপত্তিকর পোস্টের স্ক্রিনশট ব্যবহার করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।
এই অপপ্রচার বন্ধ এবং দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে শনিবার মধ্যরাতেই রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জামায়াত নেতাদের দাবি, নির্বাচন সামনে রেখে দলের আমিরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি শক্তিশালী মহল এই সাইবার হামলার পেছনে কাজ করেছে। সংবাদ সম্মেলনে এই ষড়যন্ত্রের মূল হোতাদের মুখোশ উন্মোচনের চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে।
আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারিগরি প্রমাণাদি গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হতে পারে। একই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ও ১১ দলীয় জোটের চলমান কার্যক্রম নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেবেন জামায়াত নেতারা। ইতেমধ্যে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জামায়াতের এই ব্রিফিং দেশের রাজনৈতিক মহলে বেশ গুরুত্ব বহন করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন