ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:১৮ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত সাইবার হামলার বিষয়ে আইনি পদক্ষেপ হিসেবে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম এই জিডি সম্পন্ন করেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমিরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই হ্যাকিংয়ের ঘটনা ঘটানো হয়েছে।জামায়াত সূত্র ও জিডির বর্ণনা অনুযায়ী, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি হ্যাকারদের কবলে পড়ে।
এরপর বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে ওই অ্যাকাউন্ট থেকে একটি ‘অপ্রত্যাশিত ও আপত্তিকর’ পোস্ট দেওয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই জামায়াতে ইসলামীর সাইবার বিশেষজ্ঞ টিম অ্যাকাউন্টটি পুনরুদ্ধারে কাজ শুরু করে।
দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল ৫টার কিছু সময় পরে অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব হয় এবং বিতর্কিত পোস্টটি দ্রুত সরিয়ে ফেলা হয়।জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম বলেন, হ্যাকড অবস্থায় যে পোস্টটি দেওয়া হয়েছিল তা ছিল নারী নেতৃত্বের বিষয়ে অবমাননাকর। তিনি দাবি করেন, এই ধরনের মন্তব্য আমিরের ব্যক্তিগত চিন্তা-চেতনা এবং বিভিন্ন সময়ে দেওয়া প্রকাশ্য বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এটি মূলত নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর একটি গভীর ষড়যন্ত্র ও অপচেষ্টা। হ্যাকারদের শনাক্ত করে আইনের আওতায় আনতেই এই জিডি করা হয়েছে বলে তিনি জানান।
উদ্ভূত পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া ডা. শফিকুর রহমানের নাম বা অ্যাকাউন্টের বরাতে কোনো স্পর্শকাতর কনটেন্ট শেয়ার না করার আহ্বান জানিয়েছে দলটি। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তি এড়াতে কেবল দলটির অফিশিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্য গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন