ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১১:৩৫ পিএম
ঢাকার বাইরের ব্যস্ত নির্বাচনি জনসভা ও সফর শেষে রাজধানীতে ফিরে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে (মিরপুর-কাফরুল) নিবিড় গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর-১০ নম্বরের কারার মসজিদ সংলগ্ন আদর্শ স্কুলের পাশ থেকে তিনি এই গণসংযোগ কর্মসূচি শুরু করেন।
সন্ধ্যার পর থেকে শুরু করে রাত পর্যন্ত তিনি মিরপুরের বিভিন্ন অলিগলি ও বিপণিবিতানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ভোটারদের হাতে `দাঁড়িপাল্লা` প্রতীকের লিফলেট তুলে দেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ইনসাফের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে ডা. শফিকুর রহমান মিরপুরকে একটি নিরাপদ, যানজটমুক্ত ও আধুনিক পরিকল্পিত এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সাধারণ পথচারী, ছোট ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগের কথা শোনেন।
মিরপুর ১০ নম্বর ফলপট্টি ও আদর্শ স্কুল এলাকায় এই গণসংযোগে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি ও সাড়া লক্ষ্য করা যায়। দলীয় সূত্রে জানা গেছে, আমিরের এই কর্মসূচির লক্ষ্য ছিল ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং ১১-দলীয় জোটের নির্বাচনি লক্ষ্যগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।
এই গণসংযোগ কর্মসূচিতে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য জাহিদুল ইসলাম এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রমুখ। উল্লেখ্য যে, একই দিনে ডা. শফিকুর রহমান সকালে ময়মনসিংহ এবং দুপুরে কিশোরগঞ্জ ও গাজীপুরে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভাগুলোতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। সারাদিনের ধকল সত্ত্বেও নিজ আসনে তাঁর এই সক্রিয় অংশগ্রহণ নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন