সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকা-১০ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে নারী কর্মীদের মিছিল

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৫:৩০ পিএম

ঢাকা-১০ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে নারী কর্মীদের মিছিল

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকারের পক্ষে এক বিশাল নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জিগাতলা বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই মিছিলে কয়েকশ নারী কর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি ইবনে সিনা, সিটি কলেজ, মিরপুর রোড ও কলাবাগান হয়ে সোবহানবাগ মসজিদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল পরবর্তী সমাবেশে প্রার্থী জসীম উদ্দীন সরকার বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এবার ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের অভাবনীয় বিপ্লব ঘটবে। তিনি দাবি করেন, বিগত ৫৪ বছরের অন্যায়, অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে সারাদেশে জামায়াতের পক্ষে এক বিশাল গণজোয়ার সৃষ্টি হয়েছে।

তবে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, “অতীতে যারা জুলুম ও দুর্নীতি করেছে, তারা পরাজয় নিশ্চিত জেনে নারী কর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচন কারচুপির চেষ্টা করছে।”

সমাবেশে তিনি আরও বলেন, একটি সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ছাত্র-জনতা আজ ঐক্যবদ্ধ। অধ্যাপক নূর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরী দক্ষিণের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে সব বাধা উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।