সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

তরুণদের নতুন দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:০১ এএম

তরুণদের নতুন দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ১৮ মিনিটের এক ভাষণে নতুন প্রজন্মের প্রত্যাশার বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রচারিত এই ভাষণে তিনি জেনজি ও তরুণ সমাজের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিগত দিনের বৈষম্য ও পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণরাই হবে মূল চালিকাশক্তি।

 এই লক্ষ্য অর্জনে তিনি ১১ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। জামায়াত আমির স্পষ্ট করেন যে, রাষ্ট্র পরিচালনা কোনো উপভোগের বিষয় নয় বরং এটি একটি পবিত্র আমানত।

ডা. শফিকুর রহমান তার ভাষণে নতুন বাংলাদেশের জন্য পাঁচটি বিষয়ে ‘হ্যাঁ’ এবং পাঁচটি বিষয়ে ‘না’ বলার আহ্বান জানান। তিনি সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানকে আলিঙ্গন করার পাশাপাশি দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজিকে বর্জনের অঙ্গীকার করেন। 

তিনি বলেন, ‘আমরা জুলাই আর চাই না; আমরা চাই এমন এক বাংলাদেশ যেখানে অধিকারের জন্য জনগণকে আর কখনো রাস্তায় নামতে হবে না।’ ভাষণে তিনি জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করেন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি জোর দিয়ে বলেন যে, মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে এবং কোনো নির্দিষ্ট পরিবার বা গোষ্ঠীর হাতে ক্ষমতা কুক্ষিগত থাকতে দেওয়া হবে না।

নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জামায়াত আমির বলেন, তার দল ক্ষমতায় এলে নারীরা সগৌরবে সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন। এছাড়া প্রবাসীদের জন্য সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং বিদেশের মাটিতে মৃত্যু হলে সরকারি উদ্যোগে লাশ দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি।

 আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সমমর্যাদা ও সমতার নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ ও মর্যাদাকেই সবকিছুর ঊর্ধ্বে রাখা হবে। শিক্ষা, বিচার বিভাগ ও অর্থনীতির আমূল সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে তিনি ভোটারদের গণভোটে ‘হ্যাঁ’ বলার এবং সংসদ নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচনের অনুরোধ জানান।