শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

৫০ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে ডা. তাহের

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:৪২ পিএম

৫০ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে ডা. তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ভোট গণনার শুরুতেই বড় ধরণের ব্যবধানে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার রাতে প্রাপ্ত ৫০টি কেন্দ্রের প্রাথমিক ও বেসরকারি ফলাফলে দেখা গেছে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী ৫০টি কেন্দ্রের গণনায় ডা. তাহের তার ‍‍`দাঁড়িপাল্লা‍‍` প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ২৭ ভোট। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী কামরুল হুদা ‍‍`ধানের শীষ‍‍` প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬০৯ ভোট। 

আজ সকালে চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সপরিবারে ভোট দিয়ে ডা. তাহের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছিলেন। চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং দুপুরের পর থেকে নারী ভোটারদের দীর্ঘ সারি ছিল চোখে পড়ার মতো। 

উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন ৫০ কেন্দ্রের এই বেসরকারি ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন। বড় ব্যবধানে এগিয়ে থাকার খবর ছড়িয়ে পড়তেই চৌদ্দগ্রামের বিভিন্ন এলাকায় ডা. তাহেরের সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য এখনো পুরো আসনের বাকি কেন্দ্রগুলোর তথ্য আসার অপেক্ষা করতে হবে। পুরো উপজেলায় কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচন কমিশন এখন পরবর্তী কেন্দ্রগুলোর ফলাফল সংগ্রহের কাজ করছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে চৌদ্দগ্রামে বিজিবি ও পুলিশের টহল জোরদার রাখা হয়েছে।