শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

কুড়িগ্রাম-৪ আসনে জামায়াত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:১৮ পিএম

কুড়িগ্রাম-৪ আসনে জামায়াত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চিলমারী ও রাজিবপুর) আসনে বড় জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত আসনের সকল কেন্দ্রের বেসরকারি ফলাফল শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‍‍`দাঁড়িপাল্লা‍‍` প্রতীকে মোস্তাফিজুর রহমান পেয়েছেন মোট ৭৮ হাজার ৯৪৩ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. আজিজুর রহমান ‍‍`ধানের শীষ‍‍` প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হাফিজুর রহমান ৯ হাজার ৪৪৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। 

৩ লাখ ২২ হাজার ১৪৫ জন ভোটারের এই দুর্গম চরাঞ্চলীয় আসনে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে চিলমারী ও রৌমারীর দুর্গম চরগুলো থেকে ভোটাররা নৌকায় করে এসে কেন্দ্রে ভোট দিয়েছেন। 

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় এবং দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নাগরিকরা। বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পরপরই রৌমারী ও চিলমারী এলাকায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান তার এই বিজয়কে ব্রহ্মপুত্র পাড়ের অবহেলিত মানুষের বিজয় হিসেবে অভিহিত করেছেন 

এবং নদী ভাঙন রোধে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সব আইনি প্রক্রিয়া ও তথ্য যাচাই শেষে চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য ফলাফল নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হচ্ছে। বর্তমানে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।