রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপির ফজলুর রহমান বেসরকারিভাবে জয়ী

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:১০ পিএম

বিএনপির ফজলুর রহমান বেসরকারিভাবে জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে তার এই বিজয়ের খবর নিশ্চিত হওয়া গেছে। 

৭৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন।হাওরবেষ্টিত এই আসনে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

বিশেষ করে ‘জুলাই জাতীয় সনদ’ নিয়ে গণভোটের পাশাপাশি সংসদীয় আসনেও ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের রায় দিয়েছেন। এবারের নির্বাচনে দেশজুড়ে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ভোটারের মধ্যে হাওরাঞ্চলের তিন উপজেলাতেও ভোট পড়ার হার ছিল সন্তোষজনক। প্রশাসনের কঠোর নিরাপত্তা এবং সেনাবাহিনীর টহলে ভোটাররা নির্বিঘ্নে ভোটদান সম্পন্ন করেন। 

অ্যাডভোকেট ফজলুর রহমান তার নির্বাচনী প্রচারণায় হাওরাঞ্চলকে ‘সোনার সংসার’ করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার প্রতি আস্থা রেখেই ভোটাররা তাকে জয়যুক্ত করেছেন বলে মনে করছেন স্থানীয়রা। বেসরকারি ফলাফল ঘোষণার পরপরই ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে আনন্দ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। তারা একে অপরকে মিষ্টি খাইয়ে এই বিজয় উদযাপন করেন। বিজয়ী হওয়ার পর ফজলুর রহমান তার প্রতিক্রিয়ায় জানান, এই বিজয় হাওরবাসীর এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের।