রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাদি হত্যা নেপথ্যের চক্র উন্মোচনের দাবি ইনকিলাব মঞ্চের

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৯, ২০২৬, ০৮:১২ পিএম

হাদি হত্যা নেপথ্যের চক্র উন্মোচনের দাবি ইনকিলাব মঞ্চের

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চ

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে মূল শুটার গ্রেপ্তার হওয়াকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখলেও এর পেছনের পরিকল্পনাকারী ও অর্থদাতারা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটি বর্তমান বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। 

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন যে, শুধুমাত্র সরাসরি হত্যাকারীর বিচার করলেই ন্যায়বিচার নিশ্চিত হবে না, বরং এর পেছনে থাকা প্রভাবশালী মহলের নামও জনসম্মুখে আনতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতে গ্রেপ্তার করার বিষয়টি সিআইডি নিশ্চিত করেছে। প্রায় ৮৭ দিন পর এই অগ্রগতিকে স্বাগত জানালেও জাবের বলেন, “এর আগে ডিবি পুলিশের তদন্তে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। 

এখন সিআইডি তদন্ত করলেও আমরা নিরপেক্ষতা নিয়ে শঙ্কিত।” তিনি আরও জানান যে, এই গ্রেপ্তারকে কেন্দ্র করে যেন কোনো রাজনৈতিক দরকষাকষি না হয় এবং ইন্টারপোলের মাধ্যমে দ্রুত রেড নোটিশ জারি করে খুনিদের দেশে ফিরিয়ে আনা হয়।ইনকিলাব মঞ্চের দাবি, হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সম্পৃক্ততা অত্যাবশ্যক। সদস্যসচিব বলেন, “অন্তর্বর্তী সরকার এ বিষয়ে জাতিসংঘকে চিঠি পাঠিয়েছিল বলে আমরা জানি। বর্তমান সরকারের উচিত সেই প্রক্রিয়ার অগ্রগতি জনগণকে জানানো। 

জাতিসংঘ এই তদন্তের দায়িত্ব নিতে সম্মত হয়েছে কি না, তা পরিষ্কার করা প্রয়োজন।” নিরপেক্ষ তদন্ত ছাড়া প্রকৃত সত্য বেরিয়ে আসবে না বলে তারা মনে করছেন।সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় যে, কিছু রাজনৈতিক শক্তি ও তাদের অনলাইন প্রচার কর্মীরা হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। 

জাবের বলেন, “তদন্ত শেষ হওয়ার আগেই নির্দিষ্ট মহলের ওপর দায় চাপিয়ে প্রকৃত খুনিদের আড়াল করার চেষ্টা চলছে।” তিনি সরকারকে এসব প্রোপাগান্ডা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।