রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১০, ২০২৬, ০৭:৪৬ পিএম

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ

ছবি - সংগৃহীত

জুলাই গণভোটের জনরায় বাস্তবায়ন এবং দ্রুত সংবিধান সংস্কারের দাবিতে রাজধানীর রাজপথে বিক্ষোভ সমাবেশ ও বিশাল মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরী। শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের নেতাকর্মীরা এ সময় জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের চিরস্থায়ী অবসান নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ বলেন, জুলাই সনদ কেবল একটি সাধারণ রাজনৈতিক দলিল নয়, এটি বাংলাদেশের শোষিত মানুষের অধিকার আদায়ের একটি পূর্ণাঙ্গ রূপরেখা। 

তিনি উল্লেখ করেন, গণভোটে দেশের ৬৮.০৬ শতাংশ মানুষ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন না করলে আবারও দেশে ফ্যাসিবাদী শাসন ফিরে আসার পথ প্রশস্ত হবে। তিনি বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির তীব্র সমালোচনা করে বলেন, বিএনপি গণভোটের রায় উপেক্ষা করছে এবং সংবিধান সংস্কার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। 

তাদের নির্বাচনী অঙ্গীকারের ৩১ দফার প্রথম দফায় সংবিধান সংস্কারের কথা থাকলেও এখন তারা তা মানছে না বলে তিনি অভিযোগ করেন।মুহাম্মদ আব্দুল আজিজ আরও বলেন, জনগণ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, তা সফল করতে হলে জুলাই সনদের প্রতিটি দাবি বাস্তবায়ন করতে হবে। তিনি দল-মত নির্বিশেষে দেশের সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও সচেতন নাগরিকদের এই লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে, যারা জুলাই সনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ছাত্রসমাজ তাদের দাঁতভাঙ্গা জবাব দেবে এবং কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না।

সমাবেশে উপস্থিত বক্তারা বিশিষ্ট আলেম মুফতি আইনুল হক কাসেমীর অবিলম্বে মুক্তির দাবি জানান। তাঁরা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করে ১০০ দিনেরও বেশি সময় ধরে কারাগারে আটকে রাখা হয়েছে, যা মানবাধিকার ও আইনের শাসনের চরম পরিপন্থী। বক্তারা দাবি করেন, প্রথম আলো অফিস ভাঙচুরের ঘটনার সঙ্গে মুফতি আইনুলের কোনো সংশ্লিষ্টতা নেই এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতা হাবীবুল্লাহ মিসবাহ, দিদারুল ইসলামসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাংক এলাকা প্রদক্ষিণ করে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের পুরো সময়জুড়ে জুলাই সনদ বাস্তবায়ন ও মুফতি আইনুলের মুক্তির দাবিতে স্লোগান দেন কর্মীরা।