মে ৪, ২০২৬, ০৬:২৬ পিএম
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে এই কর্মসূচির কথা জানানো হয়।ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৫ মে) দুপুর ৩টা ৩০ মিনিটে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হবে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ওই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সংগঠনের নেতা-কর্মীরা নির্ধারিত সময়ে শাপলা চত্বরে উপস্থিত হয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন।
একই ঘটনার প্রেক্ষাপটে ভিন্নধর্মী কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। সংগঠনটি প্রথমবারের মতো একটি তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। মঙ্গলবার (৫ মে) ও বুধবার (৬ মে) রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এটি অনুষ্ঠিত হবে।
খেলাফত ছাত্র মজলিস সূত্রে জানা গেছে, এই প্রদর্শনীতে ওই দিনের ঘটনার বিভিন্ন আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং প্রামাণ্য দলিল উপস্থাপন করা হবে। এ ছাড়াও প্রদর্শনীতে সংশ্লিষ্ট সংবাদ প্রতিবেদন এবং নিহতদের স্মরণে বিশেষ স্মৃতিচারণের ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানমালার মধ্যে তথ্যচিত্র প্রদর্শন এবং সংক্ষিপ্ত আলোচনা পর্বও অন্তর্ভুক্ত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন