রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন কর্মসূচি নিয়ে কাল ১১ দলীয় ঐক্যের বৈঠক

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ০৬:০৯ পিএম

নতুন কর্মসূচি নিয়ে কাল ১১ দলীয় ঐক্যের বৈঠক

১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক

১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের ভবিষ্যৎ গতিপথ এবং পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষে শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানী ঢাকার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। জোটের নীতিনির্ধারক পর্যায়ের নেতারা উপস্থিত থেকে রাজপথের পরবর্তী করণীয় নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা করবেন।

জোটের সমন্বয়ক এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বুধবার বিকেলে গণমাধ্যমকে এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শীর্ষ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় একই মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন বা প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখান থেকেই দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আন্দোলনের পরবর্তী নতুন ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য যে, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বেশ কিছুদিন ধরে দেশজুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে ১১ দলীয় ঐক্য। এই দাবির সপক্ষে জনমত গড়ে তুলতে গত ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী দেশজুড়ে নানা কর্মসূচি পালন করেছে জোটটি। এই কর্মসূচির মধ্যে ছিল দেশের প্রতিটি জেলা ও মহানগর পর্যায়ে লিফলেট বিতরণ এবং ব্যাপক গণসংযোগ। 

এ ছাড়াও কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং ঢাকায় একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার সেই কর্মসূচির সময়সীমা শেষ হওয়ায় এখন নতুন ও বড় কোনো আন্দোলনের ডাক দিতেই জোটটি কালকের এই বৈঠক ডেকেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। জোটের শীর্ষ নেতারা মনে করছেন, জনগণের দাবি আদায়ে রাজপথের কর্মসূচিকে আরও বেগবান করা প্রয়োজন। সেই লক্ষে কালকের বৈঠকে বিশেষ রণকৌশল চূড়ান্ত করা হবে।