সেপ্টেম্বর ৩, ২০২৬, ১০:১২ পিএম
তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার সংকট নিরসনে সরকারের ব্যর্থতার প্রতিবাদ এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিতে আগামী শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ সফল করার জন্য দেশবাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকার শাপলা চত্বর থেকে সকাল সাতটায় এই লংমার্চ শুরু হবে। বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনের আগে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে সরকার তা বাস্তবায়ন না করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি এবং ব্যাপক দুর্নীতির কারণে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
প্রশাসনের অতিরিক্ত দলীয়করণের ফলে প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে বলেও অভিযোগ করা হয়। সংসদে বিরোধী দলের পক্ষ থেকে বারবার দাবি জানানো হলেও সরকার তা আমলে নেয়নি বলে জানান নেতারা। এই কর্মসূচির অংশ হিসেবে শাপলা চত্বরের জনসভা শেষে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ বিভিন্ন পথসভা ও সংবর্ধনা পেরিয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে এক বিশাল সমাবেশের মাধ্যমে সমাপ্ত হবে।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ শীর্ষ নেতারা এই লংমার্চে নেতৃত্ব দেবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন