সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৬, ২০২৬, ০৭:৩৭ পিএম

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জাতীয় সংসদ মুজিবুর রহমান

জাতীয় সংসদ কক্ষে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে বা নিচু করে স্পিকারের চেয়ারের দিকে সম্মান প্রদর্শনের বিদ্যমান রীতিতে তীব্র আপত্তি জানানো হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য মুজিবুর রহমান এই আপত্তি উত্থাপন করেন। সাধারণত সংসদের অধিবেশন কক্ষে প্রবেশের সময় ঐতিহ্যগত সম্মান প্রদর্শনে স্পিকারের চেয়ারের দিকে মাথা নত করেন সংসদ সদস্যরা, আবার অনেকে সরাসরি দাঁড়িয়ে সালাম দেন।

এই ঝোঁকার রীতি ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী বলে সংসদে দাবি করা হয়েছে।মঙ্গলবার বৈঠকের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধিতে সংসদে ঢোকার পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার কথা স্পষ্টভাবে বলা ছিল। তবে পরবর্তীতে এই নিয়মে একটি সংশোধনী আনা হয়। মাথা ঝুঁকিয়ে এই ধরনের সম্মান প্রদর্শন মূলত ইসলামের অবমাননা এবং এটি সরাসরি শিরকের পর্যায়ে চলে যায়। 

এই যৌক্তিক কারণেই পূর্ববর্তী সংশোধনীতে নিয়মটি সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছিল।স্পিকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তিনি মাঝেমধ্যে খেয়াল করেন যে স্পিকার নিজে খুব সুন্দরভাবে সালাম দেন এবং অন্য সংসদ সদস্যরাও সেই সালামের জবাব দেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় সংসদের ভেতরে আগের সেই মাথা ঝোঁকার প্রাচীন রীতিটি এখনও রয়ে গেছে। এই ঝোঁকার অভ্যাস স্পিকার এবং ডেপুটি স্পিকারের মাঝেও বিদ্যমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। কার্যপ্রণালি বিধিতে শিরককে উৎখাত করার যে প্রমিত বিধি পাস হয়েছে, তা পরকালের মঙ্গলের জন্য সংসদের সকলের মেনে চলা উচিত বলে তিনি মন্তব্য করেন।

সংসদ সদস্যের এই আপত্তির জবাবে স্পিকার জানান, তিনি নিজে সংসদের মূল কার্যপ্রণালি বিধি পুঙ্খানুপুঙ্খ দেখে পরবর্তী অধিবেশনে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। তবে এটি সকলের জন্য সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাসের বিষয় বলে তিনি মন্তব্য করেন। সংসদে কেউ সালাম দেবেন আবার কেউ মাথা ঝোঁকাবেন এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশের সংসদে এই ধরনের মিশ্র রীতি প্রচলিত রয়েছে। এরপরও বিগত সংসদে এটি আইনগতভাবে বাতিল করা হয়েছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দেন স্পিকার।