জুলাই ২৫, ২০২৬, ০১:৫৪ পিএম
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস।শূরার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে শনিবার দুপুরে কেন্দ্রীয় মজলিসে শূরার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতভাবে এই রাজনৈতিক জোট ছাড়ার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানানো হয়।
এখন থেকে জামায়াতের নেতৃত্বাধীন এই রাজনৈতিক জোটের কোনো ধরনের কর্মসূচির সঙ্গে আর সম্পৃক্ত থাকবে না দলটি। বৈঠকের সিদ্ধান্ত সংবাদমাধ্যমে পাঠানো একটি বিজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, যা দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষর করেছেন। তবে ভবিষ্যতে বৃহত্তর স্বার্থে কোনো রাজনৈতিক ঐক্য গঠনের প্রয়োজন দেখা দিলে তা ভেবে দেখা হবে বলে জানানো হয়।
দলীয় সূত্রে জানা যায়, গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর থেকেই জোটের ভেতরে দূরত্ব তৈরি হতে শুরু করে। ওই সময় দলের নাম বা নেতাদের নাম ব্যানার কিংবা প্রচারে ব্যবহার না করার কড়া বার্তা দিয়েছিল খেলাফত মজলিস। পরবর্তী সময়ে রংপুরের একটি সমাবেশে আবারও নাম ব্যবহারের কারণে দলের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়।
এর পর থেকেই জোটের সব কার্যক্রম থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল দলটি।খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি গণমাধ্যমকে জানান, নির্বাচন-পরবর্তী সমঝোতা আর কার্যকর নেই এবং তারা এই জোটে আর থাকছেন না।কওমি ঘরানার দলগুলোর সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতার মাঝে এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন