জুলাই ৩১, ২০২৬, ১২:১০ পিএম
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই কর্মসূচি চূড়ান্ত করা হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
আগামী মঙ্গলবার এই সমাবেশ অনুষ্ঠিত হবে।বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ৫ আগস্টের সমাবেশ সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবিও জানানো হয় বৈঠকে।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে বৈঠকে জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন অংশ নেন।
এছাড়াও বৈঠকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও চলমান আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, যা আগামী ৩ আগস্ট শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন