মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,
পরিবারের চরম ক্ষোভ

এমপি নজরুলের স্ত্রীর মরদেহ নিতে ১৭ হাজার টাকা ধার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৮:০৬ পিএম

এমপি নজরুলের স্ত্রীর মরদেহ নিতে ১৭ হাজার টাকা ধার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ অ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে মরদেহ পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া জোগাড় করতে গিয়ে চরম মানবিক সংকটে পড়ে মরিয়মের পরিবারকে ১৭ হাজার টাকা ঋণ বা ধার করতে হয়েছে। স্বজনদের অভিযোগ, এমন সংকটজনক মুহূর্তেও সংসদ সদস্যের পরিবারের পক্ষ থেকে কেউ তাদের কোনো খোঁজখবর নেননি।

মর্মান্তিক এই পরিস্থিতিতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন মরিয়মের স্বজনরা। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মরিয়মের ফুফা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান, মরিয়মের মৃত্যুর পর তার মরদেহ সাতক্ষীরায় নিয়ে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য পরিবারের কাছে ছিল না। নিরুপায় হয়ে আশপাশের মানুষের কাছ থেকে ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্সের ভাড়ার ব্যবস্থা করা হয়। এ সময় তিনি অভিযোগ করেন, মরিয়মের অসুস্থতা ও মৃত্যুর পরবর্তী কঠিন সময়ে সংসদ সদস্য কিংবা তার পরিবারের কোনো সদস্য পাশে দাঁড়াননি, এমনকি কেউ তাদের খোঁজ নেওয়ার সৌজন্যটুকুও দেখাননি।

স্বজনদের ধার করা অর্থে ভাড়া করা ওই অ্যাম্বুলেন্সে করেই মরিয়ম খাতুনের মরদেহ শেষ পর্যন্ত সাতক্ষীরার উদ্দেশে রওনা হয়েছে।