আগস্ট ১, ২০২৬, ০৬:২২ পিএম
জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানিয়ে ঠাকুরগাঁওয়ে একটি গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে জেলা শাখার উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই কর্মসূচি পালন করা হয়। দেশের গণতান্ত্রিক রূপান্তর ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়।বিকেলে পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকা হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মিছিল চলাকালে পুরো এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জনগণের জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ব্যতিরেকে রাষ্ট্রে প্রকৃত স্থিতিশীলতা ফেরানো সম্ভব নয়। অবিলম্বে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সম্মান জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন নেতারা।উক্ত সমাবেশে জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম, বর্তমান জেলা আমির অধ্যক্ষ বেলাল উদ্দিনসহ দলীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এই কর্মসূচি সমাপ্ত হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন