আগস্ট ১০, ২০২৬, ০৫:৪৬ পিএম
ক্ষমতা কারও জন্যই চিরস্থায়ী নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যাকারীদের বিচার এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল।
ক্ষমতাসীনদের উদ্দেশ্যে তিনি বলেন যে মহান আল্লাহ যাদের সম্মান দিয়ে ক্ষমতায় বসান, সময়ের ব্যবধানে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিতেও পারেন।বৃহত্তর রংপুরবাসীকে বঞ্চিত করার অধিকার কারও নেই উল্লেখ করে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং বলেন যে যারা এই অঞ্চলের মানুষকে বঞ্চিত করবে, তারা গণদুশমন হিসেবে বিবেচিত হবে।
চব্বিশ সালের বিপ্লব সমাজ থেকে সব ধরনের ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্যই সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। যারা চাঁদাবাজি ও দখলদারির নেশায় আসক্ত হয়ে মানুষ হত্যা করছে, তাদের সমাজের আবর্জনা হিসেবে আখ্যায়িত করে সমাজ থেকে তা পরিষ্কার করার আহ্বান জানান জামায়াত আমির।
দেশের মানুষ বৈষম্য, চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাসমুক্ত একটি সমাজ দেখতে চায় বলে তিনি উল্লেখ করেন। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
উক্ত জনসমাবেশে জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর ও গাইবান্ধার সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিমসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন