শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,
নিউইয়র্কে তারকাদের বিক্ষোভ

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে অভিনেত্রী হান্না আটক

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৭:১৬ পিএম

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে অভিনেত্রী হান্না আটক

নিউইয়র্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনকালে হলিউড অভিনেত্রী হান্না আইনবেইন্ডারকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। বৃহস্পতিবার জাতিসংঘের সদর দপ্তরের বাইরে জিউইশ ভয়েস ফর পিস আয়োজিত ফিলিস্তিনপন্থি এই কর্মসূচি থেকে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বিবৃতিতে ‍‍`হ্যাকস‍‍`খ্যাত এই তারকা জানান, তার আটকের ছবি নিয়ে মাতামাতি না করে ফিলিস্তিনের গাজা ও দক্ষিণ লেবাননে চলমান সামরিক হামলা, বসতি স্থাপনকারীদের সহিংসতা, নির্বিচার বোমাবর্ষণ এবং বাড়িঘর ধ্বংসের দিকে মানুষের নজর দেওয়া উচিত। মার্কিন প্রশাসনের তীব্র সমালোচনা করে তিনি উল্লেখ করেন, দখলদারিত্ব ও সহিংসতা থামানোর ক্ষমতা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলই এমন ব্যক্তিদের সুরক্ষা জুগিয়ে যাচ্ছে।

বিক্ষোভকারীরা জাতিসংঘের সামনের ফার্স্ট অ্যাভিনিউ সড়ক অবরোধ করে যুদ্ধবিরোধী স্লোগান দেন। আয়োজক সংগঠন জিউইশ ভয়েস ফর পিসের দাবি অনুযায়ী, কর্মসূচি থেকে ১০৪ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের তালিকায় হান্নার পাশাপাশি অভিনেত্রী সুসান সারান্ডন, কৌতুক অভিনেতা ক্যালেব হিয়ারন ও তথ্যফাঁসকারী চেলসি ম্যানিংয়ের নাম রয়েছে। এছাড়া বিক্ষোভে অংশ নেন অভিনেত্রী সিনথিয়া নিক্সন, এলিয়ট পেজ, ইন্দিয়া মুর, কৌতুকশিল্পী সারা শারম্যান, মেরি বেথ বারোন এবং সংগীতশিল্পী লুসি ডাকাস ও জুলিয়েন বেকার। তবে নিউইয়র্ক পুলিশ প্রত্যেকের আটকের বিষয়টি পৃথকভাবে নিশ্চিত করেনি।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণ শুরুর মুহূর্তে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা অধিবেশনকক্ষ ত্যাগ করে প্রতিবাদ জানান।

আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালের ২১ নভেম্বর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে অনাহারকে যুদ্ধের অস্ত্র বানানো, বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছাকৃত আক্রমণ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছিল, যা ইসরায়েল ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে। একই সাথে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২০২৪ সালের ডিসেম্বরের প্রতিবেদনে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বললেও ইসরায়েল তা পুরোপুরি প্রত্যাখ্যান করে।