সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৬:৫৭ পিএম
মেহেরপুরের গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে সাগরী খাতুন নামের চব্বিশ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ভবানীপুর গ্রামের সংলগ্ন মাথাভাঙ্গা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাগরী খাতুন ভবানীপুর গ্রামের জামরুল ইসলামের স্ত্রী। তাদের সংসারে দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে ক্যাম্প পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় মরদেহটি পানি থেকে উদ্ধার করে তীরে তোলেন।
গ্রামবাসীর ধারণা, নিজের ও সন্তানের কাপড় পরিষ্কার করতে বাড়ির পাশের মাথাভাঙ্গা নদীতে নেমেছিলেন সাগরী। অসাবধানতাবশত পা পিছলে গভীর পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
নিহতের স্বামী জামরুল ইসলাম জানান, সকালে তিনি কাজে বের হয়ে গিয়েছিলেন। পরে লোকমুখে স্ত্রীর নদীতে ডুবে যাওয়ার খবর পেয়ে দ্রুত বাড়ি ফিরে আসেন। ভবানীপুর গ্রামের ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, স্থানীয় বাসিন্দারাই প্রথমে মরদেহটি ভাসতে দেখে তীরে তোলেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবগত করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন