শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

নীলফামারীতে ৫ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশ শুরু

শহিদুল ইসলাম

সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৭:২০ পিএম

নীলফামারীতে ৫ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশ শুরু

ছবি: দিনাজপুর টিভি

স্কাউটিং স্বপ্নময় ভবিষ্যৎ গড়ার প্রেরণা স্লোগান নিয়ে নীলফামারীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ স্কাউটস নীলফামারী সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ।

উদ্বোধনী আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮টি দল অংশ নিয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্কাউটসের কমিশনার বদরুন নাহার এবং পুরো কার্যক্রম সঞ্চালনা করেন উপজেলা কাব লিডার সাফিনা আক্তার সাথি। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিতুর রহমান, জেলা স্কাউটসের সম্পাদক আতাউর রহমান এবং সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মশিউর রহমান। 

এ সময় সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য ফজলার রহমান, শফিকুল ইসলাম, আব্দুল আলিম লেমন ও সায়ফুল ইসলাম মানিকসহ স্থানীয় সংগঠকরা উপস্থিত ছিলেন। সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মশিউর রহমান জানান, গত ২৪ সেপ্টেম্বর দলগুলোর নিবন্ধনের মাধ্যমে এই সমাবেশের প্রাথমিক আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামী ২৮ সেপ্টেম্বর সমাপনী পর্বের মধ্য দিয়ে এই পাঁচ দিনব্যাপী আয়োজন শেষ হবে।