সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০২:৩৭ পিএম
পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে যেকোনো ধরনের আগ্রাসন বা হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো এবং তীব্র প্রতিবাদ জানানো প্রতিটি মুসলমানের জন্য নৈতিক ও ইমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি এই প্রতিক্রিয়া তুলে ধরেন।
পবিত্র স্থানের ওপর আঘাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, মহান আল্লাহ তায়ালার সম্মানিত ঘর কাবা শরিফের অবস্থানের কারণে মক্কা নগরী সমগ্র পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক মর্যাদাপূর্ণ স্থান। এই পবিত্র ভূমির ওপর যেকোনো অপতৎপরতা সরাসরি বিশ্ব মুসলিম উম্মাহর বিশ্বাস ও হৃদস্পন্দনে আঘাত হানার শামিল। তাই এমন অপকর্মের বিরুদ্ধে প্রতিটি বিবেকবান মানুষের সোচ্চার হওয়া অপরিহার্য।
হামলাকারীদের পরিচয় স্পষ্ট করে জামায়াত আমির উল্লেখ করেন, এই জঘন্য কাজের সঙ্গে জড়িত পক্ষটি ইয়েমেনের হুতি গোষ্ঠী হোক কিংবা অন্য যেকোনো শক্তি হোক না কেন, পবিত্র ভূমির ওপর হামলা কোনো অবস্থাতেই বরদাশত বা গ্রহণযোগ্য হতে পারে না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন