আগস্ট ১৪, ২০২৬, ১১:৪৫ পিএম
দেশে চলমান তীব্র বিদ্যুৎ সংকট, জ্বালানি ঘাটতি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান এমপি। এ বিষয়ে তিনি মহামান্য রাষ্ট্রপতি বরাবর একটি আনুষ্ঠানিক চিঠি প্রেরণ করেছেন।শুক্রবার (১৪ আগস্ট) এই চিঠি পাঠানো হয়।
চিঠির অনুলিপি মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশজুড়ে যে তীব্র লোডশেডিং চলছে, তাতে সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ার পাশাপাশি শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।জ্বালানি সংকটের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়ছে।
জনগণের প্রতিনিধি হিসেবে এই ক্রান্তিলকালে নীরব থাকা সম্ভব নয় বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা। উদ্ভূত সংকট মোকাবিলায় সংসদে খোলামেলা আলোচনা ও কার্যকর সমাধান খোঁজার ওপর গুরুত্বারোপ করে দ্রুততম সময়ের মধ্যে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন