রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

১ জুলাই থেকে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট কার্যকর

জাতীয় ডেস্ক

জুন ৩০, ২০২৬, ০৭:৫০ পিএম

১ জুলাই থেকে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট কার্যকর

জাতীয় সংসদে কণ্ঠভোটের মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরের নতুন জাতীয় বাজেট আনুষ্ঠানিকভাবে পাস হয়েছে। ৩০ জুন মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এই বাজেট পাস করা হয়। আগামী ১ জুলাই বুধবার থেকে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই নতুন বাজেট দেশজুড়ে কার্যকর হতে যাচ্ছে।সরকার গঠনের পর বর্তমান প্রশাসনের এটিই প্রথম বাজেট।

এর আগে সোমবার কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ জাতীয় সংসদে অর্থবিল পাস করা হয়। সংশোধিত এই অর্থবিলে সাধারণ মানুষের করমুক্ত আয়সীমা চার লাখ টাকায় উন্নীত করা হয়েছে। একই সাথে আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়েছে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর প্রস্তাবিত ভ্যাট শুল্ক প্রত্যাহারের মধ্য দিয়ে করসংক্রান্ত সব প্রস্তাব চূড়ান্ত করা হয়।

বাজেটের ওপর সাধারণ আলোচনায় গত সোমবার অংশ নেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য এই প্রস্তাবিত বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন এই বাজেটে দেশের রাজস্ব আদায়, ভ্যাট ও অভ্যন্তরীণ বিনিয়োগসহ বিভিন্ন অর্থনৈতিক খাতে বেশ কয়েকটি যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে।

অর্থবিল পাসের মধ্য দিয়ে শুল্কসংক্রান্ত সব সরকারি প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পায়। নতুন অর্থবছরের এই সুনির্দিষ্ট পরিকল্পনা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন ত্বরান্বিত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছে সরকারি দল।