মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়ি ও বাড়িতে হামলা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৫, ২০২৬, ১১:৩০ পিএম

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়ি ও বাড়িতে হামলা

ছবি : সংগৃহীত

কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি ও বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরে এই হামলার জেরে দুই পক্ষের ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন।আহতদের মধ্যে কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে সংসদ সদস্য আমির হামজা জানান, সারাদিন সফর শেষে বাড়ি ফেরার পথে তার গাড়িতে এবং বাসভবনের দরজা-জানালায় হামলা চালানো হয়। এ সময় গাড়িতে থাকা অবস্থায় তিনি ও তার চাচা আঘাত পান বলে জানান তিনি। পুলিশ নিষ্ক্রিয় ছিল অভিযোগ করে তিনি গণঅধিকার পরিষদের জেলা সভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করার কথা বলেছেন।

অন্যদিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শান্তিপূর্ণ সমাবেশ শেষে ফেরার সময় সংসদ সদস্যের সমর্থকরা তাদের ওপর হামলা চালান। এর আগে একটি প্রতিবাদ সমাবেশে আমির হামজার সম্প্রতি দেওয়া কিছু বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সংঘর্ষের সময় পাল্টাপাল্টি অফিস ভাঙচুরের অভিযোগও উঠেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছেন, পুলিশ দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।