সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৪:০৮ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে আদালতের রায়ে তাঁর নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই সম্পত্তি কীভাবে বাজেয়াপ্ত করা হবে এবং শহীদ পরিবারগুলোকে তা বিতরণের আইনি প্রক্রিয়া নির্ধারণের কাজ বর্তমানে চলমান রয়েছে।
রায় কার্যকরের আইনি প্রক্রিয়া ও শেখ হাসিনার সম্পদের পরিমাণ নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান যে প্রচলিত আইনে সম্পত্তি বাজেয়াপ্তকরণ এবং ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সুস্পষ্ট বিধান রয়েছে। সুনির্দিষ্ট প্রক্রিয়া চূড়ান্ত হলে পূর্ববর্তী রায় অনুযায়ী সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা থাকবে না।
এর আগে গত বছরের নভেম্বর মাসে ট্রাইব্যুনাল এই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছিলেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে শেখ হাসিনার দাখিল করা হলফনামা থেকে তাঁর সম্পদের বিবরণ জানা যায়। দাখিলকৃত তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এই প্রধানমন্ত্রীর নিজ নামে মোট চার কোটি চৌত্রিশ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে।
এর মধ্যে নগদ অর্থ, ব্যাংকে জমা প্রায় দুই কোটি ঊনচল্লিশ লাখ টাকা, সঞ্চয়পত্র, স্থায়ী আমানত, তিনটি মোটরগাড়ি, স্বর্ণালংকার ও আসবাবপত্র অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, গাজীপুর ও রংপুরে পনেরো দশমিক তিন বিঘা কৃষি জমি এবং পূর্বাচলে একটি প্লটের তথ্য হলফনামায় উল্লেখ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন