সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৮:২৫ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগোতে পরিবর্তন আনছে। নতুন লোগোর খসড়া নকশা তৈরি করা হয়েছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তা উন্মোচন করবে দলটি। জামায়াতের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, এই নতুন লোগোর মাধ্যমে তারা বিশেষ করে 'জেন-জি' বা নতুন প্রজন্মকে একটি বিশেষ বার্তা দিতে চান।
জানা যায়, লোগো তৈরির জন্য শিবিরের সাবেক কয়েকজন নেতা ও একটি কারিগরি দল কাজ করছে। ইতোমধ্যে একাধিক ডিজাইন প্রস্তুত করা হয়েছে এবং আলোচনার ভিত্তিতে চূড়ান্ত লোগো দ্রুত সময়ের মধ্যে ঘোষণা দেওয়া হবে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জামায়াত আমিরের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সঙ্গে বৈঠকের পর ছবিটি প্রকাশ্যে আসে। ওই বৈঠকে শীর্ষ দুই নেতার পেছনে চিরচেনা লোগোর পরিবর্তে নতুন একটি লোগো সংবলিত পতাকা ও ব্যানার দেখা যায়, যা নিয়ে আলোচনা শুরু হয়।
নতুন লোগোতে যা আছে:
-
আগের দাঁড়িপাল্লা প্রতীকটি ঠিক আছে।
-
দাঁড়িপাল্লার দণ্ডটি কলম আকৃতির।
-
কলমের নিম্নভাগ লাল রঙের মাঝে এবং চারপাশের ব্যাকগ্রাউন্ড সবুজ।
-
দলের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলা ও আরবিতে লেখা আছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ জানান, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী নতুন প্রজন্মকে বিশেষ বার্তা দিতেই লোগোর ডিজাইন নতুনভাবে মডিফাই করা হচ্ছে।
তিনি নতুন লোগোর থিম ব্যাখ্যা করে বলেন:
-
কলম: জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যম।
-
দাঁড়িপাল্লা: ন্যায় বিচারের প্রতীক।
-
লাল-সবুজ: বাংলাদেশের ভূ-খণ্ডের প্রতীক।
অন্যদিকে, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম জানান, আজকের লোগোটি ভুলবশত ছবিতে চলে এসেছে এবং চূড়ান্ত লোগো নিয়ে নির্বাহী পরিষদে আলোচনা চলছে। চূড়ান্ত হওয়ার পর সেটি দলের অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন