অক্টোবর ৪, ২০২৫, ০৮:২১ পিএম
গাজা অভিমুখে নৌবহরে অংশগ্রহণের জন্য বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী এবং মানবাধিকারকর্মী শহিদুল আলমকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই অভিনন্দন জানান।
ফেসবুক পোস্টে তারেক রহমান উল্লেখ করেন, গাজা অভিমুখী ফ্লোটিলায় শহিদুল আলমের অংশগ্রহণ কেবল সংহতির বহিঃপ্রকাশ নয়, এটি ন্যায়ের পক্ষে বিবেকের এক শক্তিশালী উচ্চারণ। তিনি আরও বলেন, বাংলাদেশের পতাকা তুলে ধরে শহিদুল আলম প্রমাণ করেছেন যে, এই জাতি কখনো কোনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি এবং ভবিষ্যতেও করবে না।
তারেক রহমান তার পোস্টে শহিদুল আলমের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, বিএনপি সবসময় শহিদুল আলমের পাশে থাকবে এবং ফিলিস্তিনের জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবে। এই সাহসী উদ্যোগের জন্য তারেক রহমান শহিদুল আলমের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন