রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে ফিরে নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত নেতা ডা. তাহের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ১১:০৭ এএম

দেশে ফিরে নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত নেতা ডা. তাহের

ছবি - সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করে প্রয়োজনীয় সংস্কার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই দেশের চলমান সমস্যার সমাধান দিতে পারে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।ডা. তাহের বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে আমরা কোনো শঙ্কা দেখি না। তবে নির্বাচন যেন গ্রহণযোগ্য হয়, সেই ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানাই। নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংস্কারের মধ্য দিয়েই নির্বাচন হতে হবে।”

জাতিসংঘ সফরে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, তিনি সরকারি প্রতিনিধিদলের অংশ হিসেবেই অধিবেশনে গিয়েছিলেন। এ সময় তার নামে ছড়ানো বিভিন্ন গুজবকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, “এখন তো এআই দিয়ে ভিডিও বানিয়ে যে কোনো কিছু দেখানো যায়। মানুষ কিন্তু এসব বোঝে।”

উল্লেখ্য, ডা. তাহের ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারি প্রতিনিধিদলের অন্যতম সদস্য হিসেবে নিউইয়র্ক সফর করেন। প্রতিনিধিদলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও অন্তর্ভুক্ত ছিলেন।