অক্টোবর ৭, ২০২৫, ১১:৩১ এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল চায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার কাজে সফল হোক। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচনের আয়োজন করাই এই সরকারের প্রধান দায়িত্ব এবং তিনি আশা করেন, সরকার তাদের ওপর অর্পিত এই দায়িত্ব সঠিকভাবে পালন করবে।মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বিবিসি বাংলাকে দেওয়া তার দীর্ঘ সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
তারেক রহমান বলেন, “আমরা প্রথম থেকেই বলে আসছি—এই অন্তর্বর্তী সরকার সফল হোক। যদি মূল দুটি বিষয়কে ধরা হয়, তবে একদিকে কিছু প্রয়োজনীয় সংস্কারের বিষয় রয়েছে, অন্যদিকে রয়েছে প্রত্যাশিত সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচনের আয়োজন। আমরা প্রত্যাশা করি—তারা কাজটি সুন্দরভাবে করবেন।”
সাক্ষাৎকারে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের বর্তমান শীতল সম্পর্কের বিষয়ে তিনি বলেন, “তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সঙ্গে (সম্পর্ক) শীতল থাকবে। সুতরাং, আমাকে আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে।”
এর আগে, সাক্ষাৎকারের প্রথম পর্বে তারেক রহমান শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সিদ্ধান্ত নেবেন দেশের জনগণ এবং দল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন