অক্টোবর ৭, ২০২৫, ০৫:৩৬ পিএম
জামায়াতে ইসলামীকে ভোট দিলে বেহেশত নিশ্চিত—দলেরই মনোনীত একজন সংসদ সদস্য প্রার্থীর এমন বক্তব্যের সঙ্গে তীব্র দ্বিমত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতের আরেক নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, এ ধরনের বক্তব্য সঠিক নয় এবং এটি একটি ভালো প্রচারণা হতে পারে না।
সম্প্রতি কুষ্টিয়া-৩ আসনের জন্য জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জনপ্রিয় বক্তা মুফতি আমির হামজা এক ওয়াজ মাহফিলে ‘জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত’ বলে একটি মন্তব্য করেন, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।
এই বিতর্কের বিষয়ে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে কথা বলেন অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেন, “জামায়াতকে ভোট দিলে কেউ বেহেশতে চলে যাবে, আর আরেকজনকে ভোট দিলে কেউ বেহেশতের বাইরে চলে যাবে—এই প্রোপাগান্ডাটা আমি মনে করি না ভালো।”
শিশির মনির আরও জানান, আমির হামজার পূর্ববর্তী একটি বিতর্কিত বক্তব্যের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল নিয়ে) জন্য তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল। নতুন এই বক্তব্যের বিষয়ে তিনি বলেন, “আমি সুনির্দিষ্টভাবে তার বক্তব্যটা শুনিনি। কিন্তু আমি আজকে এখান থেকে বের হয়ে এটা দেখব এবং আমি আমার সংগঠনের বা দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করা হয়।”
এর আগেও মুফতি আমির হামজা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এবং পরবর্তীতে ক্ষমা চাইতে বাধ্য হন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন