অক্টোবর ৮, ২০২৫, ০৫:২৬ পিএম
গাজাগামী ত্রাণবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’ থেকে ইসরায়েলি বাহিনীর হাতে বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম আটক হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শহিদুল আলমের অবিলম্বে মুক্তি এবং তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল এই আহ্বান জানান।ফেসবুক পোস্টে তিনি লেখেন, “শহিদুল আলমকে মুক্ত করুন। আমি সরকারকে তার নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
এর আগে, বুধবার সকালে আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি নৌ-কমান্ডোরা ‘দ্য কনসায়েন্স’ নামের জাহাজটি আটক করে, যেখানে শহিদুল আলমসহ বিশ্বের বিভিন্ন দেশের ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মী ছিলেন। আটকের ঠিক আগ মুহূর্তে শহিদুল আলম একটি ভিডিও বার্তায় তাকে ‘ইসরায়েলি দখলদার বাহিনী’ কর্তৃক অপহরণ করা হচ্ছে বলে জানান এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
একজন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক জলসীমা থেকে এভাবে আটকের ঘটনায় দেশের রাজনৈতিক ও মানবাধিকার অঙ্গনে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন