রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০১:২৮ পিএম

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মানির নতুন রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। রোববার (১২ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মিস আনজা কারস্টেন এবং পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির উপস্থিত ছিলেন।

অন্যদিকে, জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, মানবাধিকার, বাকস্বাধীনতা এবং টেকসই গণতন্ত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে জামায়াতের পক্ষ থেকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের সার্বিক উন্নয়নে তার দলের ভূমিকা তুলে ধরেন এবং জার্মানির সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বাংলাদেশে একটি অর্থবহ গণতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন।