রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শাপলা প্রতীক নিয়ে ইসির আল্টিমেটাম, কী জবাব হাসনাতের?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ০৪:১০ পিএম

শাপলা প্রতীক নিয়ে ইসির আল্টিমেটাম, কী জবাব হাসনাতের?

ছবি - সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) কঠোর অবস্থানের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “এনসিপি শাপলা প্রতীক হিসেবে পাবেই।” মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে নির্বাচন কমিশনের আল্টিমেটামের কয়েক ঘণ্টা পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে, আজ দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এক সংবাদ ব্রিফিংয়ে এনসিপিকে চূড়ান্ত বার্তা দেন। তিনি বলেন, “শাপলা প্রতীক ইসির বিধিমালায় না থাকায় তা বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। আগামী ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি যদি তালিকাভুক্ত অন্য কোনো প্রতীক বেছে না নেয়, তবে ইসি নিজস্ব বিবেচনায় তাদের জন্য একটি প্রতীক বরাদ্দ দেবে।”

ইসির এই আল্টিমেটামের জবাবেই হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে লেখেন, “জুলাই অভ্যুত্থানের প্রতীক শাপলা, এনসিপিই এই প্রতীক পাবে। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।” তার এই পোস্টে স্পষ্ট যে, নির্বাচন কমিশনের সঙ্গে প্রতীক নিয়ে কোনো ধরনের আপস করতে নারাজ দলটি।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক হিসেবে ‘শাপলা’কে তাদের দলীয় প্রতীক করার দাবিতে অনড় রয়েছে এনসিপি। এই প্রতীক না পেলে তারা ইসির নিবন্ধন প্রত্যাখ্যান করারও হুঁশিয়ারি দিয়েছিল। ইসি এবং এনসিপির এই পাল্টাপাল্টি কঠোর অবস্থানে বিষয়টি এখন কোন দিকে গড়ায়, সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।