অক্টোবর ১৮, ২০২৫, ১১:৫৬ এএম
দেশব্যাপী এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনের প্রতি ‘নীতিগতভাবে একমত’ পোষণ করে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার জানালেও, এই আন্দোলনকে পুঁজি করে কেউ ‘গণতান্ত্রিক উত্তরণ’ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করারও হুঁশিয়ারি দিয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাতে একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়, যাতে স্বাক্ষর করেন দলের সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুর ইসলাম টিপু।
বিবৃতিতে বলা হয়, “দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সাথে নীতিগতভাবে একমত। বিএনপি বিশ্বাস করে, শিক্ষাব্যবস্থায় আধুনিকায়ন এবং শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক সম্মান নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যাবে না।”
বিবৃতিতে আরও বলা হয়, “জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের আর্থিক সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করবে।”
তবে, একইসঙ্গে বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, “শিক্ষকদের মুক্তিযুদ্ধভিত্তিক আন্দোলনের ছদ্মবেশে পড়ে কোনো স্বৈরাচারী সহযোগী পরিকাঠামো... একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের কোনো প্রয়াস প্রতিহত করার প্রচেষ্টা চালালে, সেটি প্রতিহত করার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কোনো নমনীয়তা প্রদর্শন করবে না।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন