রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‘দাবি আদায়ে শিক্ষকদের সঙ্গে থাকব’, বললেন রাশেদ খান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৫, ০৩:৪১ পিএম

‘দাবি আদায়ে শিক্ষকদের সঙ্গে থাকব’, বললেন রাশেদ খান

ছবি - সংগৃহীত

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলমান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শিক্ষকদের দাবি আদায়ে যদি সচিবালয় বা যমুনা (প্রধান উপদেষ্টার বাসভবন) ঘেরাও করা লাগে, তবে গণঅধিকার পরিষদও সেই কর্মসূচিতে অংশ নেবে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর হাইকোর্ট মোড়ে শিক্ষকদের ‘কালো পতাকা মিছিল’ পরবর্তী অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।রাশেদ খান বলেন, “শিক্ষকরা দুর্নীতি করে না, অন্যায় করে না। কিন্তু আমলারা অনেকে দুর্নীতি করে। তারা গাড়ি পায়, বাসা পায়, শিক্ষকরা কী পায়? শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা মেডিকেল ভাতার দাবি কোনো অযৌক্তিক দাবি নয়।”

তিনি শিক্ষা উপদেষ্টার ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, “শিক্ষা উপদেষ্টা নিজেও একজন শিক্ষক, তিনি কেন শিক্ষকদের এই কষ্ট বোঝেন না? শিক্ষকরা আজ স্লোগান দিচ্ছেন, ‘সি আর আবরার, আর নাই দরকার’—এটা তো আমাদের সবার জন্য লজ্জার।”

তিনি আরও বলেন, “শিক্ষকদের বলব, আপনারা আন্দোলন চালিয়ে যান। আপনাদের দাবি আদায়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। গণঅধিকার পরিষদ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে আছে।”