রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’: জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৫, ০৭:০৯ পিএম

জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’: জামায়াত আমির

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা হিসেবেই বিবেচিত হবে।” তিনি দায়িত্বশীল রাজনৈতিক নেতাদের এই ধরনের বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান।শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন।

তিনি তার পোস্টে লেখেন, “দয়া করে দায়িত্বশীল কোনো জায়গা থেকে আমরা জীবন বাজি রেখে লড়াই করা জাতির গর্বিত লোকগুলোর ব্যাপারে এমন কথা বলব না। কেউ এমন আচরণ করলে জাতি তাদের ক্ষমা করবে না। সব ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা দায়িত্বশীলতার পরিচয় দেব, ইনশাআল্লাহ।”

এর আগে, আজ সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গতকালের (শুক্রবার) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ‘জুলাই যোদ্ধা’দের একটি অংশের বিশৃঙ্খলার প্রসঙ্গে মন্তব্য করেন যে, “জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্রনামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে।”

বিএনপির এই শীর্ষ নেতার এমন বক্তব্যের কয়েক ঘণ্টা পরই জামায়াত আমিরের এই প্রতিক্রিয়া এলো, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই পাল্টাপাল্টি বক্তব্যে জুলাই অভ্যুত্থানের দুই সহযোগী রাজনৈতিক শক্তির মধ্যকার ক্রমবর্ধমান দূরত্বের আভাস পাওয়া যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।