অক্টোবর ১৯, ২০২৫, ১১:৫৭ এএম
দলীয় প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে চলমান বিতর্কের মধ্যেই ইসি সচিবালয়ে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টায় দলটির চার সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে পৌঁছে ইসি সচিবের সঙ্গে বৈঠকে মিলিত হয়।
এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজই (১৯ অক্টোবর) এনসিপির জন্য ইসির তালিকা থেকে প্রতীক বেছে নেওয়ার শেষ দিন।এর আগে, নির্বাচন কমিশন এনসিপিকে নিবন্ধনযোগ্য দল হিসেবে ঘোষণা দিলেও, তাদের দাবিকৃত ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে অস্বীকৃতি জানায়। ইসি জানায়, শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এবং কমিশনের নিবন্ধিত তালিকায় না থাকায় এটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
গত মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদ এনসিপিকে ১৯ অক্টোবরের মধ্যে তালিকাভুক্ত ৫০টি প্রতীক থেকে একটি বেছে নেওয়ার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন। তিনি হুঁশিয়ারি দেন, এই সময়ের মধ্যে দলটি প্রতীক বাছাই করতে ব্যর্থ হলে নির্বাচন কমিশন নিজস্ব বিবেচনায় তাদের জন্য একটি প্রতীক বরাদ্দ দেবে।
এনসিপি শুরু থেকেই ‘শাপলা’ প্রতীকের দাবিতে অনড় রয়েছে। দলটি জানিয়েছে, ‘শাপলা’ প্রতীক না পেলে তারা ইসির নিবন্ধনই প্রত্যাখ্যান করতে পারে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আজ শেষ দিনে দলটির প্রতিনিধিদল ইসিতে বৈঠকে বসল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন