অক্টোবর ১৯, ২০২৫, ০১:১৭ পিএম
শাপলা’ প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দীর্ঘ টানাপোড়েনের মধ্যেই কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, “নির্বাচন কমিশনের কার্যক্রম স্বৈরাচারের মতো, তাদের রিমোট কন্ট্রোল অন্যের হাতে।”
রোববার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।আজই ছিল এনসিপির জন্য ইসির তালিকা থেকে প্রতীক বেছে নেওয়ার শেষ দিন। এই সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়।
বৈঠক শেষে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা আমাদের দাবির বিষয়ে ইসিকে জানিয়েছি। কিন্তু ইসি আইন ও বিধির দোহাই দিয়ে ‘শাপলা’ প্রতীক দিতে অপারগতা প্রকাশ করেছে। আমরা মনে করি, ইসির এই আচরণ স্বৈরাচারী এবং তাদের রিমোট কন্ট্রোল অন্য কারও হাতে।”তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা আমাদের দাবি থেকে সরছি না। প্রয়োজনে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই ‘শাপলা’ প্রতীক অর্জন করা হবে।”
উল্লেখ্য, নির্বাচন কমিশন এনসিপিকে নিবন্ধনযোগ্য দল হিসেবে ঘোষণা দিলেও, তাদের দাবিকৃত ‘শাপলা’ প্রতীকটি জাতীয় প্রতীকের অংশ হওয়ায় এবং ইসির তালিকায় না থাকায় তা বরাদ্দ দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। এনসিপি এই প্রতীক না পেলে নিবন্ধন নেবে না বলে জানিয়েছে, যা নিয়ে ইসির সঙ্গে দলটির তীব্র দ্বন্দ্ব চলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন