অক্টোবর ২১, ২০২৫, ০৪:৩৯ পিএম
সরকারিভাবে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের বেতন বাড়ানোর বিষয়ে সুসংবাদ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি জানিয়েছেন, ধর্ম উপদেষ্টা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।মঙ্গলবার (২১ অক্টোবর) সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান।
তিনি তার পোস্টে লেখেন, “সরকারিভাবে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলোতে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের বেতন যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার এবং সাড়ে ৭ হাজার টাকা। গতকাল নামাজ শেষে একটি মসজিদে ইমাম সাহেব এসে বললেন, এই বেতনে তাদের চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে। এখানে অন্য কিছু করার সুযোগও নেই, ফজর থেকে এশা পর্যন্ত মসজিদেই থাকতে হয়।”
সারজিস আলম জানান, পরবর্তীকালে তিনি এই বিষয়টি নিয়ে ধর্ম উপদেষ্টার সঙ্গে কথা বলেন। তিনি লেখেন, “আমরা এনসিপির পক্ষ থেকে সম্মানিত ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমের জন্য বেতন আপাতত কিছুটা বাড়িয়ে যথাক্রমে অন্তত ২০ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার করার আহ্বান জানাই।”তিনি সুসংবাদটি দিয়ে বলেন, “মাননীয় ধর্ম উপদেষ্টা বিষয়টিকে অত্যন্ত যৌক্তিক মনে করেন এবং আগামী দুই মাসের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই আমরা এর বাস্তবায়ন দেখতে পাব।”
তবে, সারজিস আলম দেশের অন্যান্য মসজিদের ইমামদের স্বল্প বেতনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “দুঃখজনক হলেও এটাই সত্য যে, বাংলাদেশের অনেক মসজিদে অনেক ইমাম এবং মুয়াজ্জিন রয়েছেন, যারা মাসে ৫ হাজার টাকাও বেতন হিসেবে পান না। তাই আমরা এটাও মনে করি, একটি সুষ্ঠু প্রক্রিয়ায় বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের সম্মানিত ইমাম এবং মুয়াজ্জিনদেরকে একটি বেতন কাঠামোতে নিয়ে আসা অত্যন্ত জরুরি।”



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন