অক্টোবর ২১, ২০২৫, ০৫:০০ পিএম
টানা দশ দিন ধরে চলা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের সফল অবসানের পর অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ধন্যবাদ জ্ঞাপন করেন।তিনি তার পোস্টে লেখেন, “বাড়ি ভাড়াসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত সম্মানিত শিক্ষকমণ্ডলীর যৌক্তিক আন্দোলনের দাবিটি অবশেষে সরকার মেনে নিয়েছে।
বিলম্বিত হলেও সরকারের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ।”তবে, এই সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় তিনি কিছুটা আক্ষেপও প্রকাশ করেন। তিনি বলেন, “এর মধ্যে সম্মানিত শিক্ষকমণ্ডলী যথেষ্ট কষ্ট ভোগ করেছেন। বছরের শেষ প্রান্তে এসে শিশু-কিশোর ও ছাত্র-ছাত্রীদের পড়ালেখারও কিছুটা ক্ষতি হয়েছে। এই বিবেচনাটি আগে করলে শিক্ষকমণ্ডলীর কষ্ট এবং ছাত্র-ছাত্রীদের ক্ষতি উভয়ই এড়ানো যেত।”
উল্লেখ্য, আজ (মঙ্গলবার) দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের এক বৈঠকে সরকার শিক্ষকদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ হারে (দুই ধাপে) বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সরকারের এই আশ্বাসের পর শিক্ষকরা তাদের ১০ দিনের লাগাতার আন্দোলন ও অনশন কর্মসূচি স্থগিত করে আগামীকাল (বুধবার) থেকে ক্লাসে ফেরার ঘোষণা দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন