সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিভেদ নয়, ঐক্য চাই, নইলে ফ্যাসিবাদ ফিরবে’: মাসুদ সাঈদী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ০৬:১৯ পিএম

বিভেদ নয়, ঐক্য চাই, নইলে ফ্যাসিবাদ ফিরবে’: মাসুদ সাঈদী

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও পিরোজপুর-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, “বিভেদ নয়, ঐক্য চাই। ‎আমরা ফ্যাসিবাদবিরোধী সব শক্তি একসঙ্গে ছিলাম, আছি এবং থাকব। যত দিন না এ দেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে পারি, তত দিন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমুরীতলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, “‎এখন যখন জনগণের আন্দোলন সফল পরিসমাপ্তির পথে, তখন আমাদের ভেতরে বিভেদ সৃষ্টির গভীর চক্রান্ত শুরু হয়েছে। শেখ হাসিনা ও তার সহযোগীরা দেশ ছেড়ে পালিয়েছে, কারণ তারা জানে ঐক্যবদ্ধ ফ্যাসিবাদবিরোধী শক্তি ক্ষমতায় গেলে তাদের জবাবদিহির হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। তাই তারা এখন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।”

তিনি সতর্ক করে বলেন, “‎আমাদের মনে রাখতে হবে, গঠনমূলক সমালোচনা ও মতভেদ গণতান্ত্রিক রাজনীতির সৌন্দর্য। কিন্তু সেই সমালোচনা যেন আমাদের ঐক্যকে দুর্বল না করে। আজ যদি আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলি, যদি দলীয় স্বার্থকে জাতীয় স্বার্থের ওপরে স্থান দিই, তাহলে আমরা সেই একই ভুল করব, যা শত্রুরা চায়। ফ্যাসিবাদ আবার ফিরে আসবে।”

তিনি আরও বলেন, “‎স্বপ্নের বাংলাদেশ হবে এমন এক দেশ, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, দুর্নীতি নয়, ন্যায়-নীতি ও ইনসাফ থাকবে, অপশাসন নয়, সুশাসন থাকবে এবং অন্য কোনো দেশ পরিচালিত সরকার নয়, এ দেশের জনগণ দ্বারা পরিচালিত সরকার থাকবে।”

মতবিনিময়সভায় পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল খান, ইউপি সদস্য তপন কুমার সাহাসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।