অক্টোবর ২৫, ২০২৫, ০৭:০৭ পিএম
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন, সংবিধান পরিবর্তনের আগ পর্যন্ত বর্তমান সংবিধানই অনুসরণ করতে হবে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর বিএমএ ভবনে মাকাম সুফি ঐতিহ্য কেন্দ্র আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার তীব্র সমালোচনা করে বলেন, দেশে এমন একটি ব্যবস্থা চালু আছে যেখানে ৩০০ আসনেই গডফাদার রয়েছে এবং ভালো কোনো সংসদ সদস্য সিস্টেমের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আসেন না।
তিনি উপস্থিত সুধীজনদের উদ্দেশে বলেন, ‘তাই তাদের কাছে কখনও সিজদা দেবেন না। নিরাপত্তা বা রাজনীতির নামে একবার বিক্রি হয়ে গেলে সারাজীবন গোলামি করতে হবে। কোনও রাজনৈতিক দলের কাছেও নিজেদের বিকিয়ে দেবেন না।’ নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, তরুণদের রক্তের বিনিময়ে দেশের সামনে একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। এখন এই রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়েই নাগরিকদের নিজেদের অধিকার বুঝে নিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ‘রাষ্ট্রের অংশ আপনি, আপনিও কর দেন—তাই রাষ্ট্রের কাছে জবাব চাইবার অধিকার আপনার আছে।
আসন্ন নির্বাচন ও জুলাই সনদ প্রসঙ্গে এনসিপির এই শীর্ষ নেতা তার দলের অবস্থান পুনরায় স্পষ্ট করেন। তিনি বলেন, জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি দিতে হবে এবং এটি বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট আদেশ জারি করতে হবে। তিনি আরও যোগ করেন, ‘সেই আদেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সই থাকা প্রয়োজন।’ তিনি সতর্ক করে বলেন, আলোচনার মাধ্যমে যদি এই গুরুত্বপূর্ণ বিষয়টির দ্রুত সমাধান করা না হয়, তাহলে আসন্ন নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে এবং এর ফলে দেশও গভীর সংকটে পড়বে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন