বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ফের জামায়াতের আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০২:৪৮ পিএম

ফের জামায়াতের আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান

টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। আগামী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তিনি দলটির সর্বোচ্চ এই পদে আসীন হলেন। রোববার (০২ নভেম্বর) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের সদস্যদের (রুকনদের) গোপন ব্যালটের মাধ্যমে এই ভোটগ্রহণ সম্পন্ন হয়। দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (০১ নভেম্বর) রাতে আমির নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ডা. শফিকুর রহমান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে আগামী তিন বছরের জন্য পুনরায় আমির নির্বাচিত হয়েছেন। জামায়াতের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, সারা দেশের রুকনরা সরাসরি গোপন ব্যালটে আমির নির্বাচনের জন্য ভোট প্রদান করেন।

জানা গেছে, গত ৯ অক্টোবর থেকে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং ভোটগ্রহণ চলে ২৫ অক্টোবর পর্যন্ত। সারা দেশ থেকে রুকনদের ভোট সংগ্রহের পর সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিমের মাধ্যমে ভোট গণনা শেষ করেন। গণনার পর ফলাফল চূড়ান্ত করা হয়। ডা. শফিকুর রহমান এর আগে ২০১৯-২০২২ এবং ২০২৩-২০২৫ মেয়াদেও দলটির আমিরের দায়িত্ব পালন করেছেন। নতুন এই মেয়াদের মাধ্যমে তিনি টানা তৃতীয়বারের মতো দলের নেতৃত্বভার গ্রহণ করলেন। জামায়াতের নেতাকর্মীরা আশা করছেন, তার নেতৃত্বে দল আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবে।