বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০৩:৩৯ পিএম

৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (০২ নভেম্বর) রাজধানীর বাংলামটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।নাহিদ ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৩০০ আসন ধরেই আগাচ্ছি। আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করলে দেখতে পাবেন কে কোথায় থেকে দাঁড়াচ্ছে।

আমাদের অনেকে এরই মধ্যে নিজ নিজ এলাকায় কাজ করছে।’ এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম নিজে ঢাকা থেকে নির্বাচন করার সম্ভাবনার কথাও জানান।এনসিপি দ্রুত নির্বাচন চায় উল্লেখ করে তিনি বলেন, ‘যদিও আমরা নতুন রাজনৈতিক দল, এই এক বছরে আমাদের অনেক কিছু কাঁধে নিতে হয়েছে। আমরা দল গঠনে সেই সময় পাইনি। কিন্তু আমাদের প্রস্তুতি কম থাকুক বা বেশি থাকুক, সেই জন্য আমরা কখনো নির্বাচন পেছানোর কথা ভাবি না।

তিনি আরও বলেন, ‘দ্রুত নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন, দেশের স্থিতিশীলতার জন্য। ফলে ফেব্রুয়ারিকে (নির্বাচনের সময়) ধরেই আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি নেব।’

এনসিপি শুধু এই নির্বাচনকে কেন্দ্র করে গঠিত হয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি এই নির্বাচনকে কেন্দ্র করেই সমস্ত পরিকল্পনা সাজিয়েছে, তা নয়। আমরা নতুন গঠিত হয়েছি। আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছি। এই নির্বাচন আমাদের সামনে একটা প্রথম চ্যালেঞ্জ, প্রথম টেস্ট হবে। আমরা এটাতে অংশগ্রহণ করব। ভালো করি বা মন্দ করি, এটা জনগণ বিবেচনা করবে।