নভেম্বর ৬, ২০২৫, ০৭:১২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে মনোনয়ন ফরমের মূল্য এবং অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই বিষয়ে ঘোষণা দেন।
এনসিপি সাধারণ প্রার্থীদের জন্য মনোনয়ন আবেদন ফরমের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করেছে। তবে একটি বিশেষ সুবিধা দেওয়া হয়েছে ‘জুলাইযোদ্ধা’ এবং নিম্নআয়ের মানুষের জন্য। তাদের জন্য আবেদন ফরমের মূল্য মাত্র ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি করা হবে এবং ১৫ নভেম্বর মনোনয়ন আবেদনের প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।
কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেন, প্রার্থীরা তিনটি ভিন্ন মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
১. কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি সংগ্রহ করতে হবে। ২. অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ করতে পারবেন। ৩. দুই মুখ্য সংগঠক এবং সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমেও মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন